সিলেট মহানগর এলাকায় ‘সুইচ গিয়ার’ চাকু ক্রয়-বিক্রয়, বহন, মজুত, সরবরাহ ও ব্যবহার নিষিদ্ধ করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) রাতে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে বিজ্ঞপ্তিটি সিলেট মহানগর পুলিশের দাপ্তরিক ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট মহানগর এলাকায় জননিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সুইচ গিয়ার চাকু ক্রয়-বিক্রয়, বহন, মজুত, সরবরাহ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে এবং সংশ্লিষ্ট সবাইকে তা মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে বিজ্ঞপ্তিতে এই বিশেষ ধরনের চাকু নিষিদ্ধের পেছনে কোনো নির্দিষ্ট ঘটনা বা সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
