হামের প্রাদুর্ভাব: দলীয় নেতা-কর্মীদের গ্রামের দিকে খেয়াল রাখার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
সূত্র : সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বিএনপি নেতা-কর্মীদের গ্রামাঞ্চলে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই এলাকায় যারা আমাদের দলীয় নেতৃবৃন্দ আছেন সবাইকে আমি অনুরোধ করবো যে গ্রামের দিকে খেয়াল রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমাদের বাচ্চারা যদি হাম আক্রান্ত হয়, সাথে সাথে আপনারা অভিভাবকদের বুঝিয়ে নিকটস্থ হাসপাতালে পাঠিয়ে দেবেন, যাতে করে একটা সন্তানও যেন মৃত্যুর কোলে ঢলে না পড়ে, কোন মায়ের বুক যেন খালি না হয়, আপনারা সেদিকে খেয়াল রাখবেন।’

তিনি জানান, আজ থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশালে এ কার্যক্রম শুরু হবে এবং ৩ মে থেকে দেশের অবশিষ্ট সব জেলা ও উপজেলায় একযোগে টিকা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্ব ও বিচক্ষণতায় আমরা এই টিকাদান কর্মসূচি অনেকটা এগিয়ে আনতে সক্ষম হয়েছি।’ একইসঙ্গে তিনি অতীতের সরকারগুলোর ভুল ব্যবস্থাপনার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলেও মন্তব্য করেন।

৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়ার বিষয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে আক্রান্তদের মধ্যে ৮২ শতাংশই ৫ বছরের কম বয়সী। এজন্য ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে টিকা দেওয়া হচ্ছে, পরবর্তী পর্যায়ে অন্যদের অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আহমেদ জামশিদ মোহামেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ১৮টি জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি একযোগে শুরু হয়েছে।

সূত্র : ইউএনবি