খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ চারজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মহানগরীর লবনচরা কৃষ্ণনগর এলাকায় ঘটনা ঘটে।

আহতরা হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, রাইছুল ইসলাম ও ছেলের স্ত্রী ফহিমা। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমাকে ঢাকায় প্রেরণ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তিন বছর আগে কারাগারে যান। সেখানে ইমরান নামে একজনের সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে রাশিদুল তার বাড়িতে আসা-যাওয়া করতেন। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে।

ছয় মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। এ ঘটনা শুনে ক্ষুব্ধ হন ইমরান এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটান ইমরান। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। কাজী আনিসুরের স্ত্রী রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের দু’জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলায় অংশ নেয়  ছয়জন। তাদের সকলকে আটকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।