CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 65?

সংসদের প্রথম অধিবেশনে হওয়া শব্দযন্ত্রে গোলযোগের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। ৩ এপ্রিলের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবে বলেও জানান তিনি।
শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদের, সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান নূরুল ইসলাম।
তিনি বলেন, এখানে একটি স্যাবেটাজ হয়েছে বলে আমরা ধারণ করি।
তিনি জানান, সাউন্ড সিস্টেমে কেন সমস্যা হয়েছে সেটি জানতে বুয়েটের বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া হচ্ছে।
নূরুল ইসলাম বলেন, দুটি বিষয় এখানে দেখা হবে, প্রথমত কোনো স্যাবোটাজ হয়েছে কি না এবং আরেকটি হলো আসলে সাউন্ড সিস্টেমে কি সমস্যা হয়েছে ও সেটি সমাধানের পদ্ধতি কী?
গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনই শব্দযন্ত্রে সমস্যা দেখা দেয়। এই জটিলতায় সেদিন বেশ কিছু সময় অধিবেশন বন্ধও রাখতে হয়েছিল। পরদিনও একই সমস্যা থাকায় এ নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন বিরোধী দলের এক সংসদ সদস্য।
এছাড়া সংসদ কমিটির বৈঠকে এমপিদের আবাসন ও চিকিৎসার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান চিফ হুইপ।
ঢাকা শহরে আবাসন রয়েছে এমন সংসদ সদস্যরাও সরকারি ফ্ল্যাট পাচ্ছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্যাটাগরি অনুযায়ী কমবেশি সবাই আবাসন সুবিধা পাবেন।
তিনি বলেন, যানজটের কারণে অনেক সময় সংসদ সদস্যরা সময়মতো সংসদে আসতে পারেন না। তাদের কাজের সুবিধার জন্যই কাছাকাছি থাকা দরকার।
সূত্র : বিবিসি
