
বিএনপির কাছে মানুষ নিরাপদ নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘তারা ক্ষমতায় গেলে একটা মানুষ বাংলাদেশে নিরাপদে থাকতে পারবে না। একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না। একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না। কৃষক শান্তিতে মাঠে ফসল ফলাতে পারবে না। তারা সবার শান্তি নষ্ট করবে।’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের রাজবাড়ী মাঠে জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ করা জানিয়ে তিনি আরো বলেন, ‘আরেকটা দলের নেতৃবৃন্দ বলতেছে, তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বে। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম; ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেই প্রমাণ আগে দেন।’
এরপর তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, যে দলটি ৪৯ জন ঋণখেলাপীকে মনোনয়ন দিয়েছে আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটি করতে পারেন, তাহলে জনগণ কিছুটা বিশ্বাস করবে যে ওনাদের সদিচ্ছা আছে। ঋণখেলাপীদের বগলের নিচে রাইখা যদি বলে, দুর্নীতিমুক্ত দেশ গড়বো, তাহলে বিষয়টা হবে ‘আপনারা যা বলেন, তা করেন না এবং যা করেন, তা বলেন না।’
সূত্র : বিবিসি
