কুমিল্লার মঞ্জুরুল আহসান মুন্সিকে বহিষ্কার করল বিএনপি

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

বিতর্কিত বক্তব্যের জেরে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সিকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি. মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি বক্তব্যের কারণেই তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ছড়িয়ে পড়া ওই ভিডিওর একটি অংশে মুন্সিকে স্থানীয় ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না।’

‘ঘরবাড়ি সব পুড়াইয়া ছারখার করে দেব, আমি কিন্তু খুব পরিষ্কার ভাবে বলতেছি। মনে করেন না ভয় দেখাচ্ছি, আমি পরিষ্কার করে বলতেছি, কথাগুলো রেকর্ড করে বলে দিতে পারেন গিয়া,’ বলেও উল্লেখ করেন তিনি।

ভাইরাল হওয়া এই ভিডিও এবং বক্তব্যের বিষয়ে কথা বলতে বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তার নম্বর বন্ধ পাওয়া গেছে।

কুমিল্লা-৪ সংসদীয় আসনে ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাতিল হয় বিএনপির এই সাবেক সংসদ সদস্যের। ওই আসনেই জামায়াতে ইসলামী নেতৃত্বে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লড়ছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।

সূত্র : বিবিসি