
জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা বলেছেন, গত ৫৪ বছরে দু’জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, কিন্তু নারীদের সমস্যা কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কমেছে? নারীদের অধিকার আদায় হয়েছে? সুতরাং নারী শীর্ষপদে থাকলেই যে একটা কিছু হয়ে যাবে, কথাটা তো ঠিক না, বরং নারী হোক বা পুরুষ, যিনি মানবিক হবেন, নারী পুরুষ সবাইকে মর্যাদা দেবেন আমরা এমন নেতৃত্ব চাই। এজন্য আমরা শীর্ষপদে আসা জরুরি মনে করি না।
রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর শীর্ষ পদে নারীদের সুযোগ দেয়া হবে কিনা এমন প্রশ্নে নুরুন্নেসা সিদ্দিকা বলেন, জামায়াতে ইসলামী হলো ইসলামী সংগঠন। ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে, এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। এটা আল্লাহর নির্দেশ, এটা ফরজ, তাই শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা।
গত বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জামায়াতের আমির পদে নারীর সুযোগ দেয়ার প্রসঙ্গে বলেছিলেন, ‘এটি সম্ভব নয়। নারীদের কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না। কিছু শারীরিক অসুবিধা আছে, যা আমরা অস্বীকার করতে পারি না।’
তার এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনা হয়।
সূত্র : বিবিসি
