
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাকিব হোসেন (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব লবণচরা থানার আশিবিঘা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, , রাকিব ঘটনাস্থলের পাশের একটি সেলুনে অবস্থান করছিল। এর কিছুক্ষণ পরে দুই যুবক সেলুন থেকে তাকে টেনে বের করে মাথায় দু’টি গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১০টার দিকে সংবাদ পেয়ে সদর থানা এবং লবনচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
