
সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস।
এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এর বাইরে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ১১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফি ৩০ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।
পরবর্তী পাঁচ দিন আবহাওয়ার পরিস্থিতি অনেকটা একই থাকবে। শুক্রবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তবে শনি ও রোববার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানা গিয়েছে।
সূত্র : বিবিসি
