ঢাকাসহ তিন বিভাগে ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কা

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
প্রতীকী ছবি

কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। এর মধ্যেই আবহাওয়া অফিস ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে; কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়, ওই তিন বিভাগ ছাড়াও দেশের অন্যান্য বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের রাঙ্গামাটি এবং খুলনার কুমারখালীতে, ৩৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলায়, ২০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টিপাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যশোরে, ১৬ মিলিমিটার এবং গোপালগঞ্জেও ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে রংপুরের বাজারহাট ও ভোলাতেও ১১ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টি হয়নি বললেই চলে।

আবহাওয়াবিদরা বলে থাকেন, যখনই কোনো স্থানের তাপমাত্রা বেড়ে যায়, তখন সেই তাপমাত্রা প্রশমিত হওয়ার জন্য শিলাবৃষ্টি হয়ে থাকে।

আহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘সাধারণত এপ্রিল ও মে মাসে সিলেটসহ দেশের কোনো কোনো অঞ্চলে মেঘের উচ্চতা ১২ কিলোমিটারের উপরে চলে যায়। তখন সেটি শিলা আকারে পড়ে। আর শিলাবৃষ্টি হওয়া মানে সেখানে বজ্রপাত থাকবে।’

সূত্র : বিবিসি

  • আবহাওয়া
  • গরম
  • ঝড়বৃষ্টি
  • ঢাকা
  • বজ্রপাত
  • বাংলাদেশ
  • শিলাবৃষ্টি
  • সিলেট