পাকিস্তানে হামলায় ১১ পুলিশসহ নিহত ১৫

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি পুলিশ চৌকিতে জঙ্গি হামলায় ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় পাল্টা হামলায় ১৫ জন হামলাকারীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আফগানিস্তান সীমান্তবর্তী হাঙ্গু জেলার খাজিনা পুলিশ চৌকিতে রাতভর এ পাল্টাপাল্টি হামলা চলে। প্রায় এক ঘণ্টাব্যাপী গোলাগুলির পর নিরাপত্তা বাহিনী হামলাকারীদের প্রতিহত করতে সক্ষম হয় বলে পাকিস্তানের পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ইরফান খান জানান, ভারী অস্ত্র নিয়ে জঙ্গিরা পুলিশ চৌকিতে হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা হামলাকারীদের আক্রমণের মুখে পড়েন। এতে একটি সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়। এরপর নিরাপত্তা বাহিনী পাল্টা হামলা চালিয়ে হামলাকারীদের প্রতিহত করে।

এ ঘটনায় ঘটনাস্থলে সহায়তা নিয়ে যাওয়া জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা দিয়ার খান নিহত হয়েছেন বলে প্রাদেশিক পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে। হামলায় আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়ানো নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি)-এর দিকে সন্দেহের আঙুল উঠেছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর বেশিরভাগ হামলার জন্য টিটিপিকে দায়ী করা হয়। ‘পাকিস্তানি তালেবান’ নামে পরিচিত এ সংগঠনটি আফগানিস্তানের তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এটি আলাদা সংগঠন। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে টিটিপির তৎপরতা আরও বেড়েছে।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপি সদস্যদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে আসছে।

  • উগ্রপন্থী
  • পাকিস্তান
  • পুলিশ
  • হামলা