ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটিয়েছে ছাত্রদল কর্মীরা।
শুক্রবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনার বিষয়ে বেলা ৩টা ১০ মিনিটে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটোয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটোয়ারীর সঙ্গে কথা বলতে যান। কথা বলার একপর্যায়ে পেছন দিক থেকে ছাত্রদলের কতিপয় কর্মী ডিম নিক্ষেপ করে ও হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় সমর্থক আহত হন।
এই ঘটনার পর এনসিপি নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলকারীরা এ সময় স্বরাষ্টমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। সেই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি জানান এসিপি নেতারা।
