সপ্তাহে এক দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জবির

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

বৈশিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ব্যয় সংকোচন নীতির সঙ্গে সঙ্গতি রেখে সপ্তাহে এক দিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

বুধবার (২২ এপ্রিল) ভিসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৭তম বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভিসি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকলের সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতিবার সকল একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। তবে, অনলাইন ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করার জন্য বিভাগীয় প্রধান ও শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

ভিসি বলেন, ‘বৈশ্বিক এ দুর্যোগকালীন সময়ে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে। তবে শিক্ষার্থীদের কল্যাণ আমাদের কাছে সবার আগে। তাদের একাডেমিক কার্যক্রম যেন বিন্দুমাত্র ব্যাহত না হয়, তা নিশ্চিত করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

শিগগিরই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে ভিসি  আশাবাদ ব্যক্ত করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন পরিবহন খাতে জ্বালানি ব্যয়ের একটি সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সপ্তাহে অন্তত একদিন পরিবহন কার্যক্রম বন্ধ রাখা গেলে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সাশ্রয় সম্ভব।

সভায় বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, ছাত্র কল্যাণ পরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

  • অনলাইন
  • ক্লাস
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • জবি
  • বাংলাদেশ
  • ভিসি
  • শিক্ষা