CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100?
পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর ছাত্রদলের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনের মাথা ফেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে বলে দাবি করেছে ছাত্রশিবির।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখার উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও জুলাইয়ে আহতদের সম্মাননা অনুষ্ঠান উপলক্ষে নেতা-কর্মীরা কলেজের গ্যালারি-০২-এর সামনে পোস্টার লাগানোর কাজ করছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানটি দুপুর ২টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন শেখ বলেন, ‘আমাদের আগে থেকেই পূর্বঘোষিত ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক একটি কর্মসূচি ছিল। আমাদের নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে গ্যালারি-০২-এর সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এমন সময় ছাত্রদলের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ২০ জন নেতা-কর্মী আহত হন। এছাড়া একজনের মাথা ফেটে যায়।’
জানা গেছে, হামলায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ব্যক্তি ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল মালেক। পরে তাকে দ্রুত পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ রয়েছে, প্রথম দফার ঘটনার পর দুপুর দেড়টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা কলেজের আবাসিক হল এলাকায় অবস্থান নেন। পরে অডিটোরিয়ামে কিছুক্ষণ অবস্থান করার পর প্রায় ২০ মিনিট পর কলেজের মূল ফটকের সামনে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে আবারও সংঘর্ষে জড়ান।
ক্যাম্পাসের মুল ফটকের সামনে অবস্থান নিয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, ‘আজ সকালে শিবির সুপরিকল্পিতভাবে আমাদের ভাইদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে, আমরা আমাদের কর্মী এবং শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে অবস্থান নিয়েছি। সন্ত্রাসীদের কোনো কার্যক্রম এ ক্যাম্পাসে হবে না। আমারা শিবিরের সন্ত্রাসীদের প্রতিহত করব। কোনোভাবেই এই ক্যাম্পাসে তাদেরকে রাজনীতি করতে দিব না।’
এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান করতে দেখা যায়।
উল্লেখ্য, সাংবাদিকদেরকে ছাত্রদলের পক্ষ থেকে কোনো প্রকার ফুটেজ নিতে দেওয়া হয়নি।
