বউভাতে গোশত কম দেওয়ায় সংঘর্ষ, কনের বোনসহ আহত ১৫

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নেত্রকোনার মোহনগঞ্জে বউভাতের অনুষ্ঠানে গোশত কম দেওয়ায় কনেপক্ষের সাথে বরপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) উতিয়ারকোণা গ্রামের সবুজ মিয়ার ছেলে কাওছার মিয়ার (২২) সঙ্গে পাশের মেদী পাথরকাটা গ্রামের আব্দুল হেকিমের মেয়ের বিয়ে হয়। মঙ্গলবার বিকেলে বরের বাড়ি উতিয়ারকোণা গ্রামে বউভাতের অনুষ্ঠানে দাওয়াত খেতে যান কনেপক্ষের লোকজন।

এ সময় কনেপক্ষের লোকজন প্লেটে গোশত কম দেওয়া ও ভাতে দুর্গন্ধের অভিযোগ তোলেন। এ নিয়ে কনেপক্ষের সাথে বরপক্ষের লোকজনের কথা-কাটাকাটি এবং একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, তারা বউভাত অনুষ্ঠানে সংঘর্ষের কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।