ঈদের দিনে ঘুরতে বের হয়ে প্রাণ গেল তরুণের

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় ঈদের দিনে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুরুজ (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় হৃদয় নামের আরো এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার বাসিন্দা স্বপনের ছেলে। আহত হৃদয় একই পৌর এলাকার শ্মশান পাড়ার বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন ঘুরতে বের হয়েছিলেন দুই তরুণ। তারা মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়ক দিয়ে যাওয়ার সময় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন এবং আহত হৃদয়কে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, হাসপাতালে আনার আগেই সুরুজের মৃত্যু হয়েছে। আহত অপর ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।