রাজধানীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

রাজধানীর কলাবাগান এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।

রোববার (২৯ মার্চ) ভোরে কলাবাগান থানাধীন ভূতের গলি এলাকার গার্ডেন হাউস নামের একটি বাসায় এ ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, ভোরে ওই যুবক বাসাটিতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে অচেতন হয়ে পড়েন। পরে বাসার মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। সেখান থেকে  দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান যুবকটি আর বেঁচে নেই।

পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন এসআই ইকবাল হোসেন।

সূত্র : ইউএনবি