মধ্যপ্রাচ্যে উভচর যুদ্ধজাহাজ ও অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ইউএসএস বক্সারকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে। ছবি : বিবিসি

ইরানের সাথে চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে উভচর যুদ্ধজাহাজ ও অতিরিক্ত কয়েক হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে একাধিক সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ শুক্রবার তিনজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়েছে, ওই মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া-ভিত্তিক যুদ্ধ জাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় আড়াই হাজার মেরিন সেনা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হবেন।

একজন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই পশ্চিম উপকূল থেকে সরিয়ে এনে তাদের মোতায়েন করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের উভচর নৌবহর ‘ইউএসএস বক্সারের’ মেরিন এক্সপিডিশনারি ইউনিট এবং সাথে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে বলে সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমন এক সময়ে খবরটি প্রকাশ্যে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যে তাদের অভিযান জোরদার করতে কয়েক হাজার সেনা মোতায়েনের কথা ভাবছে।

তবে ট্রাম্প গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমি কোথাও কোনো সেনা পাঠাচ্ছি না। তবে আমি যদি তা করিও, তা আমি সাংবাদিকদের বলব না।’

এই অতিরিক্ত মোতায়েন মধ্যপ্রাচ্যে বর্তমানে থাকা ৫০ হাজার মার্কিন সেনার সাথে যুক্ত হবে। এর ফলে এ অঞ্চলে মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সংখ্যা দাঁড়াবে ২। সাধারণত প্রতিটি ইউনিটে আড়াই হাজার মেরিন সেনা থাকেন, যাঁরা জাহাজ থেকে বিমান হামলা চালানো বা স্থলভাগে অভিযানে পারদর্শী।