নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেন

ইরানের সাথে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশারফ হোসেনের (৩০) লাশ দেশে পৌঁছেছে।
বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে মোশারফ হোসেনের লাশ গ্রহণ করে তার পরিবার। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।
নিহত মোশারফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। তিনি উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশারফ নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় মোশারফসহ মোট তিনজন প্রাণ হারান। দেশে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
জীবিকার সন্ধানে আট বছর আগে সৌদি আরব গিয়েছিলেন মোশারফ হোসেন। দুই বছর আগে তিনি একবার দেশে এসেছিলেন। এরপর কর্মস্থলে ফিরে যান। মৃত্যুর মাত্র আধা ঘণ্টা আগেও বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন তিনি। সেটিই ছিল পরিবারের সঙ্গে তার শেষ আলাপ।
