
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেলে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়ি বহরে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এই এলাকায়ই নির্বাচনের পরে একজন নারীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছিল।
হামলার সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের সাথে থাকা কর্মীদের সাথে অপরপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এ বলেন, ‘সংঘর্ষের ঘটনার বিস্তারিত এখনো জানি না। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এদিকে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেন হান্নান মাসউদ।
তার গাড়িবহরে তিন বার হামলা চালানো হয়েছে এবং ২০ থেকে ২৫ জন আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।
হান্মান মাসউদ বলেন, ‘উনি সব ডাকাত ধরে ধরে এনে হাতিয়াতে তাণ্ডব চালাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসছে। সরকার উনাদের, কে কী করতে পারবে? আমাকে এলাকায় ঢুকতে দেবে না।’
তিনি দাবি করেন, পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে।
জাতীয় যুবশক্তির জেলা ও ইউনিয়নের আহ্বায়ক হামলায় আহত হয়েছেন বলে জানান তিনি।
