প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিদুল (২৬) ও মিনহজ (২২) নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অটোরিকশার আরো দুই যাত্রী।
শুক্রবার (২০ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার বালিডাঙ্গা ইউনিয়নের পালশা মিশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হিদুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা এলাকার ইসমাইল হোসেনের ছেলে এবং মিনহজ একই গ্রামের জয়নালের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরও দুজনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
