চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি বন্দর চেয়ারম্যানের

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

শ্রমিক-কর্মচারীদের চলমান ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল রয়েছে বলে দাবি করেছেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান।

তবে শ্রমিকদের পক্ষ থেকে ধর্মঘট তুলে নেওয়ার বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

মনিরুজ্জামান বলেন, বন্দর সচল আছে। আমি দুই ঘণ্টা বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেছি। তারা সবাই কাজে যাবে। কেউ বাধা দিবে না।

কর্মচারীদের একটি অংশ জনগণকে ‘জিম্মি করে’ বন্দরে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বন্দর যে আইনে চলে, সেই আইনের প্রতি এবং প্রতিষ্ঠানের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। কেউ যদি বিপথগামী হয়ে অন্য কারো আনুগত্য বেছে নেয়, সেটা কর্মকর্তা-কর্মচারী আচরণ বিধির সম্পূর্ণ পরিপন্থি।

তিনি আরো বলেন, যারা এসব করছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রমজানের আগে এ ধরনের একটা কাজ করে জনমনে অসন্তোষ সৃষ্টির পরিকল্পনা করছে তারা।

নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রতিবাদ, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করাসহ চার দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

এতে দেশের প্রধান সমুদ্রবন্দরের জেটি ও বহির্নোঙরে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।

সূত্র : বিবিসি