হাম ও হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

দেশে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল ঢাকা বিভাগেই মৃত্যু হয়েছে ৫টি শিশুর। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৬৪টি শিশু।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৭টি শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো একটি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ২১৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৪৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ২৫৯টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১৪৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৪২১। এই সময়ে ৯৫৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৪টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২১ হাজার ৪৩৪ রোগী, যাদের মধ্যে ১৭ হাজার ৯৫৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি

  • চিকিৎসক
  • চিকিৎসা
  • ঢাকা
  • বাংলাদেশ
  • মন্ত্রণালয়
  • শিশু
  • স্বাস্থ্য অধিদপ্তর
  • হামে মৃত্যু
  • হাসপাতাল