রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজারের মধুবাগ খেলার মাঠে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রাব্বি (১৯) নামে শিক্ষার্থী নিহত হয়েছে। সে স্থানীয় মগবাজার আঞ্জুমান হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে দশটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বি পঞ্চগড়ের ফুলতলা উপজেলার মো. ফারুক মিয়ার ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে মগবাজারের চেয়ারম্যান গলিতে বসবাস করত সে।
নিহতের সহপাঠী মেহেদী হাসান জানান, গতকাল রাতে মধুবাগের মাদরাসা মাঠ দিয়ে যাওয়ার সময় ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রাব্বির বুকের বাঁ পাশে, পেটের ডান পাশ ও মাঝখানে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে গেলেও রাব্বিকে আর বাঁচানো যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।


প্রতীকী ছবি

