হরমুজ খুলল ইরান, নৌ-অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিয়েছে ইরান। তবে তেহরান যতক্ষণ পর্যন্ত পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছাবে, ততক্ষণ ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ পুরোদমে বহাল থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ জলপথটি এখন বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত। লেবাননে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে এই ঘোষণা এল।

ট্রাম্প প্রথমে এই খবরটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং সামজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন যে, ইরান প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত এবং যাতায়াতের জন্য প্রস্তুত বলে ঘোষণা করেছে। কিন্তু এর কিছুক্ষণ পরেই আরেকটি পোস্টে তিনি জানান, যতক্ষণ পর্যন্ত ইরানের সঙ্গে আমাদের লেনদেন বা চুক্তি শতভাগ সম্পন্ন না হচ্ছে, ততক্ষণ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ অব্যাহত থাকবে।

ট্রাম্প আরও জানান, ইরান যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রণালি থেকে সব মাইন অপসারণের কাজ করছে।

লেবাননে হামলার জেরে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করলে ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে এই অবরোধ আরোপ করেছিলেন। তখন ইরান দাবি করেছিল, ওই যুক্তরাষ্ট্রের এই অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন। সে সময় ট্রাম্প বলেছিলেন, ইরানকে প্রণালি খুলে দিতে বাধ্য করতে এই নীতি প্রয়োগ করা হচ্ছে।

ইরানের ঘোষণার পরেও অবরোধ অব্যাহত রাখার ট্রাম্পের এই সিদ্ধান্ত তেহরানের ওপর চাপ বজায় রাখার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি এবং অন্যান্য অমীমাংসিত বিষয়ে দেশ দুটি ভিন্ন অবস্থানে রয়েছে।

সূত্র : ইউএনবি

  • ইরান
  • ইরান-ইসরাইল যুদ্ধ
  • জ্বালানি তেল
  • ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি