লেবাননে ইসরাইলি হামলায় ৩ সাংবাদিক নিহত

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

দক্ষিণ লেবাননের জেজিন শহরে সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে ইসরাইলি বিমান হামলায় তিনজন সংবাদকর্মী নিহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) স্থানীয় সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে রয়েছেন হেজবুল্লাহ পরিচালিত আল-মানার টিভির রিপোর্টার আলী শোয়েব এবং আল-মায়াদিন টেলিভিশনের দুই সংবাদকর্মী ফাতিমা ও মোহাম্মদ ফেতানি।

আলী শোয়েবকে হত্যার কথা স্বীকার করলেও একটি গুরুতর অভিযোগ তুলেছে ইসরাইলি সামরিক বাহিনী। তাদের দাবি, আলী শোয়েব সাংবাদিকের ছদ্মবেশে হেজবুল্লাহর একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিলেন। তবে লেবাননের সংবাদমাধ্যমগুলো এই দাবি প্রত্যাখ্যান করেছে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি একে একটি ‘সুস্পষ্ট অপরাধ’ হিসেবে অভিহিত করে বলেন, ‘যুদ্ধকালীন সাংবাদিকদের সুরক্ষার যে আন্তর্জাতিক আইন রয়েছে, এই হামলা তার চরম লঙ্ঘন।’

যুদ্ধ শুরু হওয়ার পর লেবাননে সাংবাদিকদের লক্ষ্য করে এটি দ্বিতীয় বড় ধরনের হামলা। গত সপ্তাহে এক হামলায় প্রাণ হারান আল-মানার টেলিভিশনের উপস্থাপক মোহাম্মদ শেরি এবং তার স্ত্রী।

এদিকে লেবানন জুড়ে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ১ হাজার ১০০-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে অন্তত ১২০ জনই শিশু।

লেবাননের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে, ইসরাইল গাজায় ব্যবহৃত বিতর্কিত কৌশলগুলো এখানেও প্রয়োগ করছে।

তাদের অভিযোগ, বেসামরিক নাগরিক, সাংবাদিক এবং স্বাস্থ্যকর্মীদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। যদিও ইসরাইল বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র : বিবিসি