পল্লবীর বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের ৪ জনের লাশ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ঢাকার পল্লবী এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্প থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ওয়াপদা বিহারী ক্যাম্পের বি-ব্লক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), তাদের ৪ বছর বয়সী ছেলে মিনহাজ ও ২ বছর বয়সী ছেলে আসাদ।

‎পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো: আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকাল ১০-১২টার মাঝে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুপুরে খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেন।

এদের মধ্যে দুইজন শিশু। তাদের একজনের বয়স আনুমানিক দেড় বছর, আরেকজনের চার বছর।

মৃত্যুর কারণ জানা গেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত চলছে। তবে আমাদের প্রাথমিক ধারণা, বাবা প্রথমে তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন।’

আশরাফুল আলম বলেন, অভাবী পরিবার তো, উনি রিকশাচালক ছিলেন। হতেও পারে। কিন্তু এটা হলে উনি কেন এমন করেছেন, তা নিশ্চিত না। এরা বিহারি পরিবার, সবাই একসাথে থাকে। এদের পাশেই ভাই থাকে, মা থাকে। তাদের সাথে কথা বলে আমরা এখনো কোনো মোটিভ পাইনি।

তিনি আরো জানান, ওই দম্পতির আরে একটি সন্তান আছে, যার বয়স আনুমানিক ১১ বছর।

‘এই ঘটনা ঘটার সময় ওই বাচ্চাটা কাছে ছিল না। সে তার দাদীর কাছে ছিল।’