জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটির প্রস্তাব প্রধানমন্ত্রীর

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৫৬ minutes ago
ছবি: পিআইডি

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সভাপতিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে পাঁচজনের নাম প্রস্তাব করে বিরোধী দলের কাছ থেকে পাঁচজনের নাম চেয়েছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ কমিটি গঠনের প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। কমিটির সভাপতি হিসেবে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম প্রস্তাব করেন তিনি।  

গতকাল বুধবার (২২ এপ্রিল) সংসদে জ্বালানি সংকট নিয়ে বিরোধীদলীয় নেতার উত্থাপিত আলোচনা প্রস্তাবের ওপর সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেন। এ সময় যৌথভাবে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অভিমত উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই কমিটি গঠনের উদ্যোগ নেন।

সংসদ নেতা বলেন, গতকাল বিরোধীদলীয় নেতা দেশের চলমান পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব দিয়েছিলেন। এটি একটি বৈশ্বিক সমস্যা, যার তাপ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিরোধীদলীয় নেতা জানিয়েছিলেন, তাদের কাছে কিছু পরামর্শ আছে এবং সরকারি ও বিরোধী দল একসঙ্গে বিষয়টি নিয়ে কাজ করতে পারে। আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দেশের ও মানুষের স্বার্থে যে কারও সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

এই প্রেক্ষাপটে সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটির নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তারা হলেন— বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম খান শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু।

এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিষয়টি ইতিবাচকভাবে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আশা করি, এই সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ। এটি এই সংসদের জন্য একটি নবযাত্রা। আমরা শিগগিরই আমাদের নামগুলো পেশ করব।

সরকার ও বিরোধী দলের এই সমঝোতাকে সাধুবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, এই মাসের শেষেই সংসদ বিরতিতে যাবে। তাই আশা করি অতি অল্প সময়ের মধ্যে বিরোধীদলীয় নেতা তাদের পাঁচজন সদস্যের নাম দেবেন।

তিনি আরও বলেন, সরকার এবং বিরোধী দল এভাবে সহযোগিতার মাধ্যমে অগ্রসর হলে দেশের যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে।

সূত্র : ইউএনবি

  • তারেক রহমান
  • প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ
  • বিএনপি
  • বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
  • মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম খান শান্ত
  • লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান
  • শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু
  • সরকারি