জামায়াত নেতার টাকা ঢাকা থেকেই ‘শনাক্ত হয়েছিল’

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান ‘বড় অঙ্কের টাকা’ নিয়ে ভ্রমণ করছেন, এই বিষয়টি বিমানে ওঠার আগেই শনাক্ত করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু অভ্যন্তরীণ রুটে বিমানে চলাচলের ক্ষেত্রে অর্থ বহনের পরিমাণ (একজন যাত্রী কত টাকা বহন করতে পারবেন) নির্দিষ্ট নয় বলেই এ নিয়ে বাড়তি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য জানিয়েছেন হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

তিনি বলেন, ‘টাকাটা যে নিয়েছে এটা আমরা আমাদের স্ক্রিনিংয়েই আইডেন্টিফাই (শনাক্ত) করেছি যে টাকাটা ক্যারি হচ্ছে।’

রাগীব সামাদ বলেন, ‘যেহেতু টাকার বিষয়টা একটু বড় এই কারণে কাস্টমসে আমরা শুধু একটু ভেরিফাই করেছি যে এটাতে তাদের কোনো সমস্যা আছে কি না। যদিও এটা কাস্টমসের একেবারেই এখতিয়ার বহির্ভূত। তারা মূলত কাজ করে দেশের বাইরে থেকে অ্যারাইভিং প্যাসেঞ্জারদের ক্ষেত্রে।’

তিনি বলেন, ‘বিষয়টি এমন নয় যে কাস্টমস্ ক্লিয়ারেন্স দিয়েছে বলেই আমরা টাকা পরিবহন করতে দিয়েছি। আমাদের অভ্যন্তরীণ রুটে টাকা পরিবহনের অ্যামাউন্টের কোনো সিলিং নির্ধারণ করে দেওয়া নাই।’

বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করার তথ্য জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সূত্র : বিবিসি