জামায়াতকে কোনদিন ক্ষমতায় আসতে দেওয়া হবে না : মিন্টু

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

জামায়াতে ইসলাম মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, অন্তত যতদিন আমি বেঁচে আছি, এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা সবসময় মানুষের পিছে খোঁচাখুঁচি করার জন্য কাজ করে। তারা এই দেশের কোনো উন্নয়ন তো করবেই না, বরং এ দেশকে সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী জনগণের উন্নয়ন চায় না উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, কোনদিন জামায়াতে ইসলামীর কেউ যেন একটা মেম্বারও না হতে পারে। তারা জনগণের উন্নয়ন চায় না, তারা চায় মারামারি। তারা করে মুনাফেকি, বলে মিথ্যা কথা। তারা সুযোগসন্ধানী। আমাকে যদি বাদ দিতে পারে, তাহলে নিজেরাই হয়ে যাবে। এটি হলো শয়তানের সুযোগসন্ধানী চিন্তা। দাগনভূঞা ও সোনাগাজীতে আল্লাহর রহমতে তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, আপনাদের কাছে আজকে এসেছি ধানের শীষে একটি ভোট চাওয়ার জন্য। আগেই বলেছি, ধানের শীষে ভোট দিয়ে যদি বিএনপিকে আমরা রাষ্ট্রক্ষমতায় আনতে পারি এবং তারেক রহমান যদি সরকারপ্রধান হন, আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলবেন যেন ১২ তারিখে ধানের শীষে একটা ভোট দেন। তাহলে আমি একটা সুযোগ পাব। সেই সুযোগের আমি সৎ ব্যবহার করব।