চাঁপাইনবাবগঞ্জে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৯ শিশু

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
ছবি: ইউএনবি

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ এখনও অব্যাহত রয়েছে। প্রতিদিনই এই রোগের উপসর্গ নিয়ে নতুন নতুন শিশুরোগী হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে একটি আইসোলেশন কর্নার খোলা হয়েছে। তবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৪ জন। গুরুতর অসুস্থ ৩ শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৭৫ শিশুরোগী।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৭২১ জন। এ সময়ের মধ্যে মারা গেছে ৪ জন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আব্দুস সামাদ জানান, অধিকাংশ রোগীর ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়নি। গরমের কারণে শরীরে দাগ, সর্দি ও জ্বরের মতো উপসর্গ দেখা দিচ্ছে, যা অনেকেই হাম ভেবে আতঙ্কিত হচ্ছেন।

তিনি আরো বলেন, শরীরে হামের মতো উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। হাসপাতালের শয্যা সংকট রয়েছে। তাই রোগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজন অনুযায়ী বাড়িতে থেকেই চিকিৎসা নিতে পারেন।

সূত্র : ইউএনবি

  • চাঁপাইনবাবগঞ্জ
  • বাংলাদেশ
  • মন্ত্রণালয়
  • রাজশাহী
  • রোগ
  • হাম
  • হাসপাতাল