গণভোটের জনরায় বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারাবদ্ধ: আলী রীয়াজ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

গণভোটের মধ্য দিয়ে সংস্কারের পক্ষে যে সুস্পষ্ট গণরায় এসেছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোও গণভোটে হ্যা এর পক্ষে রায় দিতে জনগণকে আহ্বান জানিয়েছিলেন। এটি কেবল সরকারের এজেন্ডা নয়, এটি সবার এজেন্ডা, যা জনগণ অনুমোদন করেছে।

মি রীয়াজ বলেন, “জনগণের এই রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না। এই রায় জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার।”

গণভোটের হার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের যে সংখ্যা বা হার দেখানো হচ্ছে সেটি সব আসনের নয়। সেগুলো যুক্ত হলে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার বাড়বে বলেও জানান তিনি।

“অনেকে নির্বাচনে ভোট দিতে এসে কেবল গণভোটে ভোট দিয়েছেন অন্য ভোট দেননি এ কারণে দুই এক শতাংশের ব্যবধান হয়েছে,” বলেও দাবি করেন তিনি।