কেরানীগঞ্জে কারখানায় আগুনে নিহত ৫

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকার গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরপর বিকেল ৪টা ৪৪ মিনিটে তা সম্পূর্ণরূপে নির্বাপণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তর মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে, চারটি লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তর মিডিয়া সেলের ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানিছিলেন, লাশগুলো এমনভাবে পুড়ে গেছে যে নারী নাকি পুরুষ তা বোঝা যাচ্ছে না। অনুসন্ধান কার্যক্রম চলছে।

তিনি জানান, শনিবার দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর শুরুতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আরও ৬টি ইউনিট পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী বলেন, ‘আগুন লাগার পরপরই আমরা আশপাশের অন্তত ৫০টি বাড়িতে পানি সংগ্রহের চেষ্টা করি, কিন্তু কোথাও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি।’

স্থানীয় বিএনপি নেতা জহিরুল ইসলাম মামুন জানান, এর আগেও এই গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপরও প্রশাসন কারখানাটি বন্ধ করতে পারেনি।