ইরানের গ্যাসক্ষেত্রে হামলায় বিশ্ববাজারে তেলের দাম আরো বাড়ল

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে
ইরানের গ্যাসক্ষেত্র, ২০১৬ সালে তোলা ছবি । ছবি : বিবিসি

বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের একটি স্থাপনায় হামলার খবর ইরানি গণমাধ্যমে আসার পর অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০৮ ডলার ছাড়িয়ে গেছে।

বুধবার ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেল প্রতি ১০৮ দশমিক ৬০ ডলারে পৌঁছেছ- যা মঙ্গলবারের তুলনায় পাঁচ শতাংশ বেশি।

একই সাথে যুক্তরাজ্যেও গ্যাসের দাম প্রায় ছয় শতাংশ বেড়েছে।

এরমধ্যেই উপসাগরীয় অঞ্চলের পাঁচটি জ্বালানি স্থাপনা খালি করার নির্দেশ জারি করেছে ইরানের সামরিক বাহিনী।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘তাসনিম’ তাদের টেলিগ্রাম চ্যানেলে এ বিষয়ে একটি জরুরি সতর্কতা পোস্ট করেছে।

যেখানে সৌদি আরবের সামরেফ শোধনাগার, আল-জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স এবং মাসাইদ হোল্ডিং কোম্পানির নাম রয়েছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের রাস লাফান শোধনাগারের কথাও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই কেন্দ্রগুলো এখন থেকে আমাদের প্রত্যক্ষ ও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলোতে হামলা চালানো হবে

এতে আরো বলা হয়, অতএব, সকল নাগরিক, বাসিন্দা এবং কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে এই এলাকাগুলো ত্যাগ করে, কোনো বিলম্ব না করে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

সূত্র : বিবিসি