‘আয় হাদির লাশ নিয়ে যা’

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের রাবার বুলেট নিক্ষেপের মাঝেই এক পুলিশকে বলতে শোনা যায়, ‘আয় আয় হাদির লাশ নিয়ে যা’৷ ছোট এই ক্লিপকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে টিয়ারশেল এবং রাবার বুলেট দিয়ে ইনকিলাব মঞ্চ এবং ছাত্র-জনতার সমাবেশ ছত্রভঙ্গ করার সময় এক পুলিশ সদস্যকে এমন মন্তব্য করতে শোনা যায়। তবে, বিতর্কিত এই মন্তব্য করা পুলিশ সদস্যকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে গতকাল বিকেল ৫টা থেকে শহীদ ওসমান হাদি হত্যার বিচার জাতিসংঘের তদন্তের আওতায় নেয়ার দাবিতে রাস্তায় নেমেছিল তার স্ত্রী ও ইনকিলাব মঞ্চ। রাতভর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান শেষে সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় তারা৷ সেখানেই জুমার নামাজ আদায় করেন তারা।

একপর্যায়ে দুপুরের পর তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ কমপক্ষে শতাধিক আহত হন।