স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ওসমান হাদির স্ত্রীর অবস্থান

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চ ও তার স্ত্রী।

জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তারা সেখানে অবস্থান নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, ওসমান হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যরা।

এ বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘নিরাপত্তা বিঘ্ন হতে পারে এই বিবেচনায় আমরা অল্প কয়েকজন মানুষ এসেছি। আমরা চাইলে আরো মানুষ আনতে পারতাম। প্রধান উপদেষ্টার আশ্বাস না পাওয়া পর্যন্ত শহীদ ওসমান হাদির স্ত্রীকে নিয়ে আমরা অপেক্ষা করছি। বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে আমরা অবস্থান কর্মসূচি ছেড়ে যাব না।’

কর্মসূচি সম্পর্কে ফাতিমা তাসনিম জুমা গণমাধ্যমকে জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদের স্ত্রী। সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ। কিন্তু, ইনকিলাবকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পাতা থেকে একটি পোস্টে জানানো হয়, ‘চারপাশে শত-শত পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দিয়ে আমাদেরকে ঘিরে রাখা হয়েছে। লাঠিসোঁটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে।’

এ বিষয়ে ঘটনাস্থল থেকে রমনা থানার এসআই মাজেদ আলী বলেন, আন্দোলনকারীদের সংখ্যা আনুমানিক ২০-৩০ জন। তাদেরকে যমুনার সামনে থেকে সরানোর জন্য আমরা কথা বলছি।

তিনি বলেন, আন্দোলনকারিরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। মাঝে মাঝেই স্লোগান দিচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল হয়ে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।