২০২৭ সালের রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ৯ মার্চ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

২০২৭ সালের পবিত্র রমজান, শবে কদর ও দুই ঈদসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ উদ্‌যাপিত হতে পারে ঈদুল ফিতর। আর ৫ মার্চ দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে কদর।

সম্প্রতি কাজাখস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিন ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এর আগের দিন, ১৫ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।

এ ছাড়া হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, ৪ থেকে ৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২ থেকে ২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। ১৫ জুন পবিত্র আশুরা পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী পালিত হতে পারে ১৪ থেকে ১৫ আগস্ট। এ ছাড়া ২৪ থেকে ২৫ ডিসেম্বর দিবাগত রাতে শবে মেরাজের আরেকটি তারিখও সূচিতে উল্লেখ করা হয়েছে।

কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন জানিয়েছে, এসব ধর্মীয় দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই নির্ধারিত তারিখের এক দিন আগে বা পরে ধর্মীয় উৎসব ও দিবসগুলো পালিত হতে পারে।

এদিকে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক গালফ নিউজ। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে। ফলে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের সঙ্গে বাস্তবে রমজান শুরুর তারিখে সামান্য পার্থক্য হতে পারে।

  • ঈদ মোবারক
  • ঈদুল ফিতর
  • বাংলাদেশ
  • রমজান