হামে প্রাণহানি বেড়ে ৬২৮, আজও ৮ জনের মৃত্যু

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
প্রতীকী ছবি

দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৫টি শিশু।

সোমবার (৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরো একটি শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৩৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯২টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬২৮টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৯৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৯২। এই সময়ে ৯৭৪টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৯৪টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮০ হাজার ১০৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৭৭৯। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬৫ হাজার ২৩৭ রোগী, যাদের মধ্যে ৬১ হাজার ২৭৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

  • বাংলাদেশ
  • শিশু মৃত্যু
  • স্বাস্থ্য অধিদপ্তর
  • হামে মৃত্যু
  • হামের টিকা
  • হাসপাতাল