হামে আরো ৪ জনের প্রাণহানি, মৃত্যু বেড়ে ৬০৫

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৫টি শিশু।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫১৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯১টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬০৫টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৬৯টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৩৬। এই সময়ে ১ হাজার ৩৬টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১০১টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৫ হাজার ৭০৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ২৬০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬১ হাজার ১৯৪ রোগী, যাদের মধ্যে ৫৭ হাজার ৪৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

  • বাংলাদেশ
  • শিশু মৃত্যু
  • স্বাস্থ্য অধিদপ্তর
  • স্বাস্থ্যমন্ত্রী
  • হামে আক্রান্ত
  • হামে মৃত্যু
  • হাসপাতাল