প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

জাপানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোম্পানির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন।

বুধবার (৩ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন বলে তিনি জানান। শিপলু বলেন, বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ (আইসিটি) বিভিন্ন খাতে সম্ভাব্য বিনিয়োগ ও ব্যবসার প্রসারের বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী এবং অন্যান্যরা প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন যে বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও তা সহজতর করতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

শিপলু আরো বলেন, প্রতিনিধিদলকে জানানো হয়েছে যে বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনা এবং অনুমোদন প্রক্রিয়া সহজ করার জন্য সরকার বিভিন্ন সংস্থা ও বিভাগের সেবাগুলোকে একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস’ ব্যবস্থার আওতায় আনার পদক্ষেপ নিয়েছে। এর ফলে বিনিয়োগ প্রকল্পগুলো আরও দ্রুত ও মসৃণভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

মিতসুই অ্যান্ড কোম্পানি জাপানের অন্যতম বৃহৎ একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খাইরুজ্জামান মজুমদার।

অন্যদিকে, মিতসুই প্রতিনিধিদলে ছিলেন এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট মাকোতো সাতো, এশিয়া-প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি কর্মকর্তা তাকানোবু মুরাইয়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারম্যান কেনিচিরো কাওয়ামোতো এবং প্রতিষ্ঠানটির ঢাকা শাখার ডেপুটি জেনারেল ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।

  • জাপান
  • তারেক রহমান
  • প্রতিনিধিদল
  • প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ
  • বিএনপি
  • মিতসুই