হামে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৮

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪৮টি শিশু।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ২২০টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৪৪টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ২৬৪টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৯০টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৮। এই সময়ে ১ হাজার ৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৬৩টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩৩ হাজার ৩৮৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬৯৩। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২২ হাজার ৪৪২ রোগী, যাদের মধ্যে ১৯ হাজার ১৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি

  • চিকিৎসা
  • বাংলাদেশ
  • মন্ত্রণালয়
  • শিশু মৃত্যু
  • স্বাস্থ্য অধিদপ্তর
  • হামে আক্রান্ত
  • হামে মৃত্যু
  • হাসপাতাল