আবারো বাড়লো এলপি গ্যাসের দাম

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

আবারো বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম।

ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকরের কথা রয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি শেষবার ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা করা হয়েছিল। এক মাসের মাথায় আবারও ৫০ টাকা বাড়ানো হলো।

শুধু রান্নার গ্যাসই নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে দুই টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ১৪ পয়সা।

এর আগে ৪ জানুয়ারি অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ৫৯ টাকা ৮০ পয়সা।

আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর প্রপেন ও বিউটেনের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও এই মূল্য সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

সূত্র : বিবিসি