মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থান চলাকালীন বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম।

বুধবার (২২ এপ্রিল) গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, আজ দুপুর ১২টার দিকে তিনি কারাগার থেকে বের হন।

এর আগে, গতকাল (মঙ্গলবার) আসামিপক্ষের করা একটি রিভিউ আবেদনের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। আদালত ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত তার জামিন বহাল রাখার আদেশ দেন।

শিল্পী বেগম তার দেড় মাস বয়সী শিশু সন্তানসহ মুক্তি পেয়েছেন। সকাল থেকেই কারাফটকের সামনে তার পরিবারের সদস্য ও সহকর্মীরা তাকে গ্রহণ করার জন্য ভিড় করেন।

তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছিল। ঢাকা উত্তর যুব মহিলা লীগের ২৬ নম্বর ওয়ার্ডের এই কর্মীকে গত সোমবার সন্ধ্যায় তেজকুনিপাড়া রেলওয়ে কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। সেখানে তার স্বামী, বোন ও খালাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা আদালতকে জানান, গত ৪ মার্চ অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে শিল্পী এই সন্তানের জন্ম দেন এবং তিনি এখনও শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। সম্প্রতি পড়ে গিয়ে তার বাম হাত ভেঙে যাওয়ায় তিনি সন্তানকে ঠিকমতো বুকের দুধ খাওয়াতে বা কোলে নিতেও পারছিলেন না।

পরিবারের পক্ষ থেকে শিশুটিকে নিজেদের কাছে রাখার আবেদন জানানো হলেও মা ও শিশুকে আলাদা করার অনুমতি দেয়নি পুলিশ। ফলে মা ও শিশুকে একত্রে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিল।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই চানখাঁরপুল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুল গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহপাঠীদেরসহ হামলার শিকার হন। এর জেরে ২৩ জুলাই তেজগাঁওয়ে তার বাসভবনে ১২০ থেকে ১৩০ জনের একটি দল হামলা চালিয়ে ৫ লাখ টাকার সম্পদ ভাঙচুর এবং ৩ লাখ টাকার মালামাল লুট করে বলে অভিযোগ করা হয়।

চলতি বছরের ২৫ জানুয়ারি রাতুলের মা শাহনূর খানম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিল্পী বেগমসহ ১০৩ জনকে আসামি করে তেজগাঁও থানায় এই মামলাটি দায়ের করেন।

সূত্র : ইউএনবি

  • আওয়ামী লীগ
  • আদালত
  • কেন্দ্রীয় কারাগার
  • জুলাই অভ্যুত্থান
  • নেত্রী