খুলনায় ‘চোখ বেঁধে’ যুবককে গুলি

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১৯ ঘন্টা আগে
প্রতীকী ছবি

খুলনার চোখ বেঁধে মো. ইমরুল (৩০) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠে‌ছে। তিনি স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন বলে জানিয়েছেন ভুক্ত‌ভোগীর স্বজনরা।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। পরে দিবাগত রাত দেড়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ ইমরুলের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার ভবের চাকা গ্রামে। তার বাবার নাম মৃত কামাল শেখ।

আহতের চাচা বিল্লাল হোসেন বলেন, গতকাল (শনিবার) দুপুরে কাজে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইমরুলের চোখ বেঁধে পেটের ডান পাশে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতা‌লে নিয়ে যাওয়া হ‌য়ে‌ছে। তবে কে বা কারা এ কাজটি করেছে তার কিছুই আমরা জানি না।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁ‌ড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, গতকাল রাত দেড়টার দিকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে ভর্তি দেন চিকিৎসক। আমরা ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

সূত্র : ইউএনবি

  • খুলনা
  • গুলি
  • নিহত
  • বাংলাদেশ
  • বিএনপি