ছবি: প্রতীকী

জাতীয় নির্বাচনের আগের মাসে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রবাসী আয় এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৫.১ শতাংশ এবং দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে ২.১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।
২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে বাংলাদেশ ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। এছাড়া, ২০২৫ সালের ডিসেম্বরে ৩.২৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা মোট ১৯.৪৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৫.৯৬ বিলিয়ন ডলার।
