
ভারতের দিঘার তালসারি সৈকতে শুটিং করতে গিয়ে ডুবে মারা গেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয়।মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৩ বছর।
রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবর জানা যায়।
আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণ জানায়, স্টার জলসার ধারাবাহিক ভোলে বাবা পার করেগা-এর শুটিংয়ের জন্য সেখানে গিয়েছিল পুরো ইউনিট। শুটিং চলাকালে সমুদ্রে তলিয়ে যান রাহুল। দীর্ঘ সময় তল্লাশির পর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়ে সহ-অভিনেত্রী সোমাশ্রী চাকি জানান, ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেও একসঙ্গে শুটিং করেছিলেন তারা। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি তিনি।
উল্লেখ্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করছেন। ছোটপর্দা থেকে বড়পর্দায়, ওয়েব দুনিয়ায় ছিল তার অবাধ যাতায়াত।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুলের। তিনি প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেছেন। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে খ্যাতি পান তিনি। সেই ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে মন দেন।রাহুল ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। যদিও মাঝে তাদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল, প্রিয়াঙ্কা। রাহুল অভিনয় ছাড়া সহজ কথা নামক একটি পডকাস্ট শো সঞ্চালনা করতেন। সেটিও তুমুল জনপ্রিয় হয়েছিল।
রাহুলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’ ইত্যাদি।
বর্তমানে তাকে দর্শকরা ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। তার এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। টিআরপিতেও তার ফল দেখা যাচ্ছিল। এছাড়া তিনি আগে হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকে অভিনয় করেছেন।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে দর্শক সম্প্রতি হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ঠাকুমার ঝুলি’তে দেখেছেন। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় হঠাৎ এই দুর্ঘটনায় চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে টালিউড অঙ্গনে।
