চুয়াডাঙ্গায় জ্বালানি তেল ক্রয়ে ফুয়েল কার্ড বাধ্যতামূলক

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করতে যাচ্ছে জেলা প্রশাসন। আগামী ১ এপ্রিল থেকে জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ ব্যতীত তেল ক্রয় করা যাবে না। তবে কৃষকদের ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। রাত-দিন ২৪ ঘণ্টায় তারা পাম্প থেকে ডিজেল তেল সংগ্রহ করতে পারবেন।

রোববার (২৯ মার্চ) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেল বিষয়ক অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আগামী ১ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ব্যতীত কাউকে তেল দেওয়া হবে না।

তিনি বলেন, আগামী ৩০ ও ৩১ মার্চ দুই দিন এই কার্ড বিতরণ করা হবে। এর জন্য জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কপি, ড্রাইভিং লাইসেন্স ও এক কপি ছবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় আসলে বিনামূল্যে এই ফুয়েল কার্ড দেওয়া হবে।

জ্বালানি তেল বিষয়ক সভায় জানানো হয়, চুয়াডাঙ্গা জেলায় মোট ২২টি তেল পাম্প রয়েছে। আগামীকাল থেকে চুয়াডাঙ্গা জেলার সকল তেল পাম্পে একযোগে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া জরুরি সেবায় নিযুক্ত পুলিশ ও সাংবাদিকগণ চুয়াডাঙ্গার দুটি পাম্প থেকে তেল নিতে পারবেন ও প্রতিটি উপজেলায় জরুরি সেবার জন্য একটি তেলের পাম্প নির্ধারিত করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এ উদ্যোগের মাধ্যমে তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে বলেও সভায় জানানো হয়।