মিসরে রাত ৯টায় দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংরক্ষণ করার জন্য মিসরে রাত ৯টায় দোকান, রেস্তোরাঁ এবং শপিং সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর কায়রোর রাস্তাঘাট অন্ধকারে ডুবে গেছে।

মিসরীয় সরকারের চালু করা এই ‘বিশেষ ব্যবস্থায়’ রাস্তার বাতি এবং রাস্তার পাশের বিজ্ঞাপন ম্লান করারও নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানায়, বৈশ্বিক জ্বালানি সংকট ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশের জ্বালানি খাতে চাপ তৈরি হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, সপ্তাহের সাধারণ দিনগুলোতে রাত ৯টার মধ্যে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। তবে সরকারি ছুটির দিনে কিছু ক্ষেত্রে সময় বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হতে পারে।

সরকার বলছে, এই পদক্ষেপের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে উল্লেখযোগ্য সাশ্রয় হবে। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে অন্য উদ্যোগও নেওয়া হচ্ছে।

এর মধ্যে সরকারি খাতে জ্বালানি ব্যবহার কমানো, কিছু উন্নয়ন প্রকল্প সাময়িকভাবে ধীর করা এবং প্রয়োজন অনুযায়ী ওয়ার্ক ফ্রম হোম চালু করা।

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের বিধিনিষেধ বহাল থাকতে পারে।

সূত্র : বিবিসি