জমির দ্বন্দ্বে বড় ভাইয়ের গুলিতে প্রাণ গেল ছোট ভাইয়ের

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ফরিদপুরের বোয়ালমারীতে বড় ভাইয়ের ছোড়া গুলিতে নিহত হয়েছেন ছোট ভাই। জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনে রেলগেটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। সকালে চতুল ফায়ার সার্ভিসের পেছনে রেলগেট এলাকায় গাছ বিক্রিকে কেন্দ্র করে তারা দুজন বিতর্কে জড়ান। বাগবিতণ্ডার একপর্যায়ে ডা. গোলাম কবির তার ছোট ভাই মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন।

সে সময় গুরুতর অবস্থায় মিন্টুকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত গোলাম কবীরকে আটক করেন। পরে বোয়ালমারী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় গোলাম কবিরকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, অভিযুক্ত ডা. গোলাম কবির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ছিলেন।