আমাকে ফাঁসানো হচ্ছে : হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
রিমান্ড শেষে কলকাতার আদালতে হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ

‘আমি এ কাজ করিনি, আমি এ সময় ছিলাম না, আমাকে ফাঁসানো হচ্ছে’ বলে দাবি করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ।

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের রিমান্ড শেষে রোববার (২২ মার্চ) বেলা ১২টার দিকে পশ্চিমবঙ্গের বিধাননগর বিশেষ আদালতে হাজির করানো হয়।

এ সময় হাদি হত্যা বিষয়ে প্রশ্ন করা হলে কলকাতার বাংলা ভাষীদের মতো করে ফয়সাল বলেন, আমি এই কাজ করিনি, আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না, , আমাকে ফাঁসানো হচ্ছে ।

এর আগে চলতি মাসের ৭ তারিখ দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদেরকে ১৪ দিনের রিমান্ডে পাঠান পশ্চিমবঙ্গের একটি আদালত।

৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এলাকায় এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।

তাদের গ্রেফতারের পর এসটিএফ সূত্র জানিয়েছিল, ফয়সাল ও আলমগীর দুজনই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ও গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন।

এদিকে, মেঘালয় সীমান্ত দিয়ে এ দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করায় গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। তাকে ৭ দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) ফিলিপকে আদালতে তোলা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই ব্যক্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে গুলি করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় আনুমানিক রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক হাদি।